সারাদেশে পরিবহন ধর্মঘট ও সকাল থেকে থমথমে বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা এই দুর্ভোগে পড়েন।
এছাড়াও পরিবহন ধর্মঘটের কারণে এই ইউনিটে ১০ হাজার ৮শত ৪৩ জন শিক্ষার্থী অনুপস্থিত হয়েছে বলে জানা যায়। অনুপস্থিতর বিষয়ে কো-অর্ডিনেটর ও জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহাবুবুর রহমান বলেন, সারাদেশে পরিবহন ধর্মঘটের কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসতে পারে নাই। যার কারণে এতো বেশি পরিমাণ শিক্ষার্থী অনুপস্থিত হয়েছেন।
অন্যদিকে, পরিবহন ধর্মঘটের সময় বাস চালানোর অভিযোগে সকাল সাড়ে ৮টায় নগরীর বদ্দারহাট টার্মিনাল এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবহনকারী একটি বাসে হামলা চালিয়ে চালককে বেধড়ক মারধর করেছে পরিবহন শ্রমিকরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী বাসটি নগরীর চাঁদগাও আবাসিক এলাকা থেকে ছেড়ে আসে। বদ্দারহাট টার্মিনাল এলাকায় এসে পৌছালে পরিবহন শ্রমিক ও মালিকদের বাধার মুখে পড়ে। এসময় বাসে অবস্থানরত শিক্ষকদের হেনস্থা ও চালক মো. দুলালের মুখে মোবিল দিয়ে মারধর করে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. রাশেদ-উন- নবী বলেন, আমাদের একটি শিক্ষক বাসে হামলার ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি পুলিশকে অভহিত করেছি।
দুর্ভোগে শিকার এক অভিভাবক আলাউদ্দিন বলেন, সারারাত ছেলেকে নিয়ে ট্রেন জার্নি করে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছি। তারপর ভোরে এসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে পৌঁছাই। ভয়াবহ পরিবহন দুর্ভোগ ঠেলে এসেছি। শরীর কাহিল। ছেলে কেমন পরীক্ষা দেবে জানি না। এভাবে যখন-তখন পরিবহন ধর্মঘট আহ্বানের কারণে মানুষ সীমাহীন কষ্টের সম্মুখীন। এদের হাতে আর কতদিন জিম্মি থাকবো আমরা' প্রশ্ন করেন তিনি।
আগামীকাল মঙ্গলবার সকাল দশটায় যথাক্রমে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'বি-১' উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ তারিখ সকাল ১০টায় এবং দুপুর আড়াইটায় 'ডি-১' উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
ইত্তেফাক/আরকেজি
