ঢাকায় ‘প্রাথমিক শিক্ষার উন্নয়ন পরিকল্পনা ও একীভূত শিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৪:২৬
 
বাংলাদেশে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিকল্পনা, একীভূত শিক্ষা, ভবিষ্যৎ করণীয় এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর প্রাসঙ্গিকতা বিষয়কে সামনে রেখে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রবিবার একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
সেমিনারটিতে বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, পিইডিপি-৪ এর প্রেক্ষিতে একীভূত শিক্ষা বাস্তবায়ন সংক্রান্ত করণীয় নিয়ে ২টি উপস্থাপনা পরিবেশনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। যার মধ্যে একটি এসিআইই সেক্রেটারি জেনারেল এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আহসান ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিকল্পনা ও একীভূত শিক্ষা: প্রেক্ষিত পিইডিপি-৪’ শিরনামে এবং অপরটি এসিআইই আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদ প্যানেল সদস্য জনাব ইকবাল হোসেন এবং ‘প্রেক্ষাপট পিইডিপি ৪: আমরা কিভাবে শুরু করতে পারি’ শিরোনামে উপস্থাপন করেন। উপস্থিত অংশগ্রহণকারীগণ এসব ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
 
বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের নীতি নির্ধারনী ব্যক্তিবর্গের উপস্থিতিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব নজরুল ইসলাম খান।
 
প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো. আকরাম-আল-হোসেন প্রধান অতিথি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. গিয়াস উদ্দিন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক জনাব মো. শাহ আলম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা বিশেষ অতিথি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার ও বিশিষ্ট প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক উপদেষ্টা জনাব মনসুর আহমেদ চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটিতে অংশগ্রহণ করেন।
 
এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ ইউনেস্কো কমিশন, শিক্ষা পরিকল্পনা সংশ্লিষ্ট আন্তর্জাতিক দাতা সংস্থাসমূহের উচ্চপদস্থ প্রতিনিধি, জাতিসংঘভুক্ত সংস্থার প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সেমিনারটি আয়োজনে কারিগরি সহযোগিতা প্রদান করে এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন (এসিআইই), বাংলাদেশ এবং সহ-উদ্যোক্তা হিসাবে কাজ করে ইউনেস্কো-ঢাকা অফিস, সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ, সিবিএম ইন্টারন্যাশনাল বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ডিআরআরএ-লিলিয়ন ফন্ডস।
 
ইত্তেফাক/মোস্তাফিজ