আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগে দুই কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফার দেওয়ার অভিযোগে সোমবার দিবাগত রাতে চাটমোহর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুজন হলো-চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লার রবিউল ইসলামের ছেলে তামিম হোসেন (১৭) ও গুনাইগাছা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সবুজ হোসেন (১৭)। গ্রেফতারকৃতরা চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র। গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩ ধারায় মামলা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ফেসবুকে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার জন্য এরা দুজন অফার দিয়ে স্ট্যাটাস দেয়। এ ঘটনার পর চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
ইত্তেফাক/কেআই
