এখন রাজনীতির গতি প্রকৃতি খুবই আশাব্যঞ্জক: স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৭:১৭
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এখন রাজনীতির গতি প্রকৃতি খুবই আশাব্যাঞ্জক। সংলাপ নিয়ে অনেকেরই সন্দেহ ছিল, শেখ হাসিনা নিজে থেকে এগিয়ে গিয়ে সংলাপে বসছেন। তাই নির্বাচনে আসার আগে দফা না দিয়ে, নির্বাচনের পরে দফার মধ্যে আসেন। আগে দফা মানলে তো আর নির্বাচনের মানে হয় না। 
 
আজ বুধবার বিকালে কুমিল্লা কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ডের) পরিচালনা পর্ষদের ৭১তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। 
 
এছাড়া সাম্প্রতিক সময়ে বার্ডের গবেষণা, প্রায়োগিক গবেষণা, প্রকল্প কার্যক্রম নিয়ে কথা বলেন তিনি। 
 
বুধবার দুপুরে শুরু হওয়া কুমিল্লা বার্ডের লালমাই মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। 
 
এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব ড. জাফর আহমেদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এসএম গোলাম ফারুকসহ বার্ড পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বার্ডে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন, লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্ণার, আন্তর্জাতিক হোস্টেল, কনফারেন্স রুম, বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চসহ বেশ কিছু স্থাপনার উদ্বোধন করেন।
 
ইত্তেফাক/কেকে