দক্ষিণ বনশ্রীতে নির্যাতনের শিকার কিশোরী গৃহকর্মী উদ্ধার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২১:১৮
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নির্যাতনের শিকার এক কিশোরী গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় হাওয়া (১৪) নামের ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৃহকর্তা শরিফ চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ২ টার দিকে দক্ষিণ বনশ্রীর ই ব্লকের ৮/২ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়ির ৬ তলার ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়। পরে বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 
নির্যাতিতা কিশোরী কিশোরগঞ্জ জেলার তাড়াইলের নগরকুল গ্রামের শনু মিয়ার মেয়ে। চার সন্তানের মধ্যে সে বড়। হাসপাতালে হাওয়ার মামাত বোন শাহানাজ এ তথ্য জানান। 
 
তিনি জানান, ‘৪ মাস আগে শরিফ চৌধুরীর বাসা গৃহকর্মীর কাজে যোগ দেয় হাওয়া। প্রতি মাসে ৫ হাজার টাকা বেতন দেয়ার কথা। কিন্তু হাওয়া কাজে যোগ দেয়ার কিছুদিন পর থেকেই গৃহকর্তা ও গৃহকর্ত্রী তার সঙ্গে আমাকে দেখা করতে দেয়নি গত ৪ মাস। পরে কোনক্রমেই যখন আমাকে দেখা করতে দেয়নি তখন পুলিশে অভিযোগ করি। পরে তাকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।
 
খিলগাঁও থানার এসআই সৈয়দ সাখাওয়াত হোসেন জানান, শরীফ চৌধুরীর বাসায় গেলে প্রথম তিনি অনেক ক্ষমতা দেখান। নিজেকে তিনি মানবাধিকার কর্মী বলে দাবি করেন। পরে এক পর্যায়ে তিনি হাওয়াকে অসুস্থ অবস্থায় পুলিশের সামনে হাজির করেন। হাওয়াকে জিজ্ঞাসাবাদে সে জানায়, ‘কোন কাজে সামান্য ভুল হলেই তাকে কঠোর নির্যাতন করা হয়।’ এই বলে সে গায়ে নির্যাতনের বিভন্ন ক্ষতচিহ্ন দেখায়। গৃহকর্তা শরীফ চৌধুরীকে আটক করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/কেকে