পুলিশ হত্যা চেষ্টা মিশনে থাকা ৫ জন অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২১:৪৬
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি ফ্ল্যাট বাসা থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে শহরের উত্তর চাষাঢ়া এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ পয়েন্ট ৬৫ বোরের পিস্তল, ১০ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৪টি ছোড়া।
 
গ্রেপ্তারকৃতরা হল- বোরহানউদ্দিন, হোসেন আলী রাজন, সৈয়দ হাবিব হায়দার বাবু, সাজ্জাদুল হোসেন ও জাহাঙ্গীর হোসেন।
 
ডিবির পরিদর্শক মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ অক্টোবর ফতুল্লার পাগলা মুন্সীখোলা চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে যে চক্রটি গুলি করেছিল এটা সেটা তারা সেই চক্রের সদস্য। তাদের ব্যাপারে আরো খোঁজ খবর নেওয়া হচ্ছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, গ্রেপ্তারকৃতরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল। পুলিশকে গুলি করার ঘটনায় জড়িতদের সঙ্গে গ্রেপ্তারকৃতদের চেহারার মিল রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সন্ত্রাসীদের গুলি ছোড়ার ঘটনার পেছনের কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
 
ইত্তেফাক/বিএএফ