প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আগামী ৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে সংলাপে অংশ নেবে বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র নেতারা। সংলাপের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীর একটি চিঠি গতকাল বুধবার রাতে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের বারিধারার বাসায় পৌঁছে দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এবং দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পাওয়ার পরপরই দলের কয়েকজন নেতাকে নিয়ে এরশাদ তার বাসায় বৈঠকে বসেন। বৈঠকে সংলাপে অংশগ্রহণের জন্য জাপাসহ ইউএনএ’র প্রতিনিধি দলের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া সংলাপে আলোচনার বিষয়বস্তু নিয়েও নেতাদের সঙ্গে আলাপ করেন এরশাদ।
এই বৈঠক শেষে ইউএনএ’র মুখপাত্র ও জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ইত্তেফাককে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জাপা ও ইউএনএ’র চেয়ারম্যান এরশাদের নেতৃত্বে জাপাসহ ইউএনএ’র ২১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। এই তালিকা আগামী শনিবার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
এর আগে গতকাল দুপুরে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দেন এরশাদ। জাপার প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই চিঠি পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর পিএস-১-এর দফতর চিঠিটি গ্রহণ করে।
ইত্তেফাক/কেআই
