‘রাজশাহী বাণিজ্য মেলা ২০১৮’ কে কেন্দ্র করে নগরবাসীকে প্রলোভন দেখিয়ে মেলার প্রবেশ টিকেটের সঙ্গে র্যাফেল ড্র এর টিকেট বিক্রি করছে আয়োজক কমিটি। স্থানীয়দের অভিযোগ, রাজশাহীতে প্রতিবার মেলায় র্যাফেল ড্র’র নামে জুয়ার আসর বসানো হচ্ছে। আর স্থানীয় প্রশাসন জানিয়েছে মেলা উপলক্ষে প্রবেশ টিকেট বিক্রির অনুমতি দেওয়া হলেও কাউকে র্যাফেল ড্র’র টিকেট বিক্রির অনুমতি দেওয়া হয়নি।
নগরীর আধুনালুপ্ত বর্ণালী সিনেমা হলের মাঠে রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ আয়োজনে মাসব্যাপী এই বাণিজ্য মেলা শুরু হয়েছে গত মঙ্গলবার। প্রথম দিন টিকেটের সঙ্গে র্যাফেল ড্র না থাকলেও বুধবার থেকে প্রবেশ টিকেটের সঙ্গে সুকৌশলে র্যাফেল ড্র ধরিয়ে দেওয়া হচ্ছে নগরবাসীর হাতে। টিকেটের গায়ে লেখা ‘গেট টিকেট র্যাফেল ড্র প্রতিদিনের ড্র প্রতিদিন’। প্রবেশ টিকেট বিক্রির নামে র্যাফেল ড্র বিক্রির জন্য প্রতিটি মোড়ে বসানো হয়েছে আয়োজক কমিটির প্রতিনিধি। এতে স্থানীয়দের অনেকে মেলা প্রাঙ্গণে না গেলেও পুরস্কারের প্রলোভনে পা দিয়ে ঝুঁকছে র্যাফেল ড্র’র টিকেটে।
বুধ ও বৃহস্পতিবার নগরীর প্রায় প্রতিটি এলাকার মোড়ে দেখা যায়, চেয়ার-টেবিল বসিয়ে দিনব্যাপী বিক্রি করা হচ্ছে বাণিজ্য মেলার টিকেট। ‘ক’ থেকে ‘ঙ’ এ ৫টি সিরিজের প্রতিটি টিকেটের মূল্য ধরা হয়েছে ২০ টাকা। মোড়ে মোড়ে বসে থাকা টিকেট বিক্রেতাদের (এজেন্ট) পাশেই টিনের তৈরি দুই-চারটি বাক্স রাখা রয়েছে। যাতে বিক্রি করা টিকেটের একাংশে ক্রেতার মোবাইল নম্বর বসিয়ে সংগ্রহ করা হচ্ছে। ওই টিকেট এজেন্টদের পাশে ঝোলানো ব্যানারে পুরস্কার হিসেবে দেখান রয়েছে প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি, ব্যাটারি চালিত অটো, ফ্রিজ, রিকশা, এলইডি টিভি, মোবাইলসহ মূল্যবান পুরস্কার।
রাতে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, সেখানেও টিনের বাক্সে র্যাফেল ড্র এর টিকেটের একাংশ জমা নেওয়া হচ্ছে। দর্শনার্থীরা টিকেট কেটে মেলা প্রাঙ্গণে ঢুকে নিজেদের মোবাইল নম্বর বসিয়ে সেই টিনের বাক্সগুলোতে টিকেটের একাংশ ফেলছে।
মেলা প্রাঙ্গণে এক টিকেট বিক্রেতার সঙ্গে কথা হলে তিনি জানান, বুধবার র্যাফেল ড্র’র প্রথম পুরস্কার রয়েছে একটি মোটরসাইকেল। প্রথম দিন র্যাফেল ড্র ছিল না। মেলার আগামী দিনগুলোতে র্যাফেল ড্র থাকবে। প্রতিদিন মেলা শেষে টিনের বাক্সে ফেলা টিকেটগুলো থেকে মেলা প্রাঙ্গণেই লটারির মাধ্যমে বিজয়ীদের বেছে নেয়া হবে।
মেলায় বেড়াতে আসা সজিব সরকার অভিযোগ করে বলেন, এ ছোট্ট জায়গায় মেলা, এর প্রবেশ মূল্য ২০ টাকা! আসলে মেলার নামে এখানে জুয়া শুরু হয়েছে। অপর আরেকজন দর্শনার্থী জানান, মেলায় আবার কিসের র্যাফেল ড্র। এর আগে নগরীতে মেলা উপলক্ষে লটারির টিকেট বিক্রি শুরু হয়েছিল। ওই সময় পুলিশ জানতে পেরে তা বন্ধ করে দেয়।
ভদ্রা এলাকার বাসিন্দা হায়দার আলী বলেন, ওইসব জুয়ার প্রতি আমাদের সন্তানেরা ঝুঁকছে। যা তাদের ও সমাজের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এসব বন্ধে এখনই ব্যবস্থা নেয়া দরকার।
মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, আরএমপির পক্ষ থেকে মেলা কর্তৃপক্ষকে শুধুমাত্র মেলায় প্রবেশের টিকেট বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। তবে কেউ মেলার নামে র্যাফেল ড্র বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মেলার আয়োজক রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সচিব জাকির হোসেন বলেন, মেলার আয়োজন মাতৃভূমি উন্নয়ন সংস্থার কাছে লিজ দেওয়া হয়েছে। তারা টেন্ডারে অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা হিসেবে মেলা পায়। মাতৃভূমি উন্নয়ন সংস্থা মেলার পুরো বিষয়টি পরিচালনা করছে। তবে তাদেরকে র্যাফেল ড্র বা এ জাতীয় কোন লটারির অনুমতি দেওয়া হয়নি।
ইত্তেফাক/জেডএইচ
