জেলার নন্দীগ্রামে বাড়ি থেকে হারিয়ে যাওয়ার ৩ মাস পর মায়ের কোলে ফিরলো শিশু বাদল। শনিবার দুপুরে বাদলকে তার মায়ের হাতে তুলে দেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন। এ সময় তার মাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলে শিশু বাদল।
পুলিশ সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট গ্রামে মৃত শুকুর আলীর ছেলে বাদল মিয়া (৮) তিন মাস আগে বাড়ি থেকে হারিয়ে যায়। তার স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে। বাদলকে খুঁজে না পাওয়া গেলে তারা স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানান।
গত ১৬ আগস্ট ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানা পুলিশ কামরাঙ্গীচর বাজার থেকে বাদলকে উদ্ধার করে। পুলিশ অনেক চেষ্টা করে তার পরিচয় বের করতে পারেনি। পরে নিরাপদ হেফাজতে রাখার জন্য শিশু অধিকার বাস্তবায়নকারী বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশ নামক একটি সংস্থার নিকট বাদলকে রাখা হয়।
সংস্থার শিশু উন্নয়ন ব্যবস্থাপক মাহাফুজা আখতার জাহান জানান, ‘শিশুটির পরিচয় জানার পর আমরা নন্দীগ্রাম থানায় যোগাযোগ করি। এরপর নন্দীগ্রাম থানা পুলিশ বিষয়টি তার পরিবারকে জানায়। পরে আমরা নন্দীগ্রাম থানার মাধ্যমে বাদলকে তার পরিবারের নিকট হস্তান্তর করি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘তিন মাস আগে হারিয়ে যাওয়া বাদলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
