সখীপুরে বিএনপির ৯ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২১:২৫
নাশকতার পরিকল্পনা মামলায় টাঙ্গাইলের সখীপুরে বিএনপির ৯ নেতাকে গ্রেপ্তার করেছে। রবিবার দুপুরে টাঙ্গাইল আদালতে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু দলীয় নেতাদের গ্রেপ্তাররে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- সখীপুর পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল তালুকদার, পৌর যুবদলের সভাপতি কামরুল হাসান, যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন।
 
এর আগে গত ২ নভেম্বর সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের নামসহ ১২ নেতার নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাত আরও ২৫-৩০জনকে আসামি করা হয়। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে পৌর ছাত্রদলের সভাপতি মোরশেদ আলম সুমন এবং ছাত্রদল কর্মী রিপন আহমেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহিন আলী বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার মামলা রয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ