কোনোভাবেই দুর্দশা কাটছে না অস্ট্রেলিয়ার। টানা হারের বৃত্তেই থাকছে তারা। পার্থে দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হারলো অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের কাছে টানা ছয় ম্যাচ হারের পর প্রোটিয়াদের কাছে অসহায় আত্মসমর্পণ করলো অজিরা।
এটা তাদের টানা সপ্তম পরাজয়। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আগামী ৯ নভেম্বর অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
পার্থে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার দুই বোলার ডেল স্টেইন ও লুঙ্গি এনগিডির পেস তোপে ৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে অসিরা। ট্রাভিস হেড ১ ও ডি আর্কি শর্ট শূন্য রান করে স্টেইনের বলে ফেরেন। ৫ রান করে এনগিডির শিকার হন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
পরবর্তীতেও দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে বড় ইনিংস খেলতে পারেনি অস্ট্রেলিয়ার মিডল ও লোয়ার-অর্ডার ব্যাটসম্যানরা। দু’অংকের কোটা পেরিয়ে ছোট ছোট ইনিংস খেলছেন তারা। ফলে ৭১ বল বাকি থাকতেই ১৫২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ৯ নম্বর ব্যাটসম্যান নাথান কোলটার নাইল। তার ৩১ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা ছিল। পাশাপাশি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ৩৩ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার আন্দিলে ফেলুকুওয়াও তিনটি, স্টেইন-এনগিডি ও ইমরান তাহির ২টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার স্টেইন। সাত ওভারে দুই উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ১৮ রান দিয়েছেন তিনি।
জয়ের জন্য ১৫৩ রানের মামুলি টার্গেটে উড়ন্ত শুরু করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার উইকেটরক্ষক কুইন্ট ডি কক ও রেজা হেনড্রিক্স। ১০০ বল মোকাবিলা করে ৯৪ রানের জুটি গড়েন তারা। এতে সহজ জয়ের পথ পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে দুজনের কেউই হাফ-সেঞ্চুরির দেখা পাননি। ডি কক ৪৭ ও হেনড্রিক্স ৪৪ রানে ফেরেন।
এরপর এইডেন মার্করাম ৩৬ ও হেনরিক ক্লাসেন ২ রানে আউট হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার জয় বিলম্বিত হয়। তবে অধিনায়ক ফাফ ডু-প্লেসিস ১০ ও ডেভিড মিলার ২ রান করে ১২৪ বল আগেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন। অস্ট্রেলিয়ার মার্কাস স্টোয়িনিস ১৬ রানে ৩ উইকেট নিয়ে দলের কোনো উপকার করতে পারেননি।
ইত্তেফাক/এএম
