খুলনায় বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১০:১১
খুলনায় হানিফ হানিফ পরিবহনের ধাক্কায় মো. সাকিল (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর শিরোমনী বাদামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে সাকিল বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় বাদামতলা মোড়ে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। সাকিলের বাড়ি পিরোজপুর জেলায়। 
 
খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী জানান, হানিফ পরিবহনের ঢাকাগামী একটি বাসের ধাক্কায় কলেজছাত্র সাকিল নিহত হয়েছেন। আমরা বাসটি আটকের চেষ্টা করছি। 
 
ইত্তেফাক/ইউবি