‘একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ।’ এই স্লোগানকে সামনে রেখে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে ৫ নভেম্বর। ৩ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারটিতে উঠে এসেছে বাংলাদেশের কালো এক অধ্যায়ের গল্প!
ট্রেলারটির শুরু আল-কোরানের বাণী দিয়ে! সুরা আল মায়িদাহ থেকে কোট করা হয়েছে ‘যে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলো সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো এবং যে একজন নিরপরাধ ব্যক্তির জীবন রক্ষা করলো সে যেন সমগ্র মানব জাতীকেই রক্ষা করলো।’
সিনেমার মূল বিষয় জঙ্গিবাদ। দেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে বোমা বিস্ফোরণ, রমনা বটমূলে বোমা হামলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলাসহ রাজধানীর হলি আর্টিজানে ভয়ঙ্কর হামলার ঘটনা উঠে এসেছে ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে। টুকরো টুকরো দৃশ্যে এমনটাই দেখা গেছে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলারে।
দেশের পতাকা বুকে ধারণ করে জঙ্গিবাদ নির্মূলে নেমেছেন ‘মিস্টার বাংলাদেশ’। প্রেম ভালোবাসা পরিবারের গল্প, নাচ গান, মারামারি সবই ভেসে উঠেছে এই ট্রেলারে। আর এসব দেখতে অপেক্ষা করতে হবে ১৬ নভেম্বর পর্যন্ত। কারণ এদিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘মিস্টার বাংলাদেশ’।
‘মিস্টার বাংলাদেশ’ পরিচালনা করছেন আবু আকতারুল ইমান। ছবির কাহিনী ও চিত্রনাট্য করেছেন নির্মাতা খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। ছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন লাক্স তারকা শানু, টাইগার রবি, মেরিয়ান, শামীম আহসান সরকার প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
