পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলরের সমালোচনা করেছেন সরফরাজ আহমদ। বুধবার দু’দলের মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টেলর হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। যেই ম্যাচে কিউইদের কাছে ৪৭ রানে হেরেছে পাকিস্তান।
হাফিজ প্রথম ওভারে বল করার পর সতীর্থ টম লাথাম অথবা আম্পায়ারকে উদ্দেশ্য করে কনুই ভেঙে বোলিং অ্যাকশন দেখান টেলর। তবে সেটি কি হাফিজের বোলিংয়ের বিষয়ে কি না, তা তিনি পরিস্কার করেননি। এরপর আম্পায়ারের সঙ্গে সরফরাজ কিছুক্ষণ কথা বলেন। পরে ফের খেলা শুরু হয়। তবে সরফরাজ ও হাফিজ দুজনকেই কিউই ব্যাটসম্যানের দিকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সরফরাজ বলেন, আমি বলতে চাই টেলরের আচরণ যথার্থ ছিল না। এটা তার কাজ নয়, যে টিভিতে সে এবাবে অ্যাকশন দেখাবে। এটা আমার জন্য অপমানজনক ছিল। তার কাজ ছিল ব্যাট করা ও সেটি কিভাবে ভালোভাবে করা যায় সেদিকে মনোনিবেশ করা। আমি আম্পায়ারকে বলেছি তার আচরণ খেলোয়াড়সুলভ ছিল না।
সরফরাজ আরও বলেন, রস একজন পেশাদার ব্যাটসম্যান, তার এমনটি করা উচিত হয়নি। সে দুই থেকে তিনবার এমন করেছে। এটা ছিল আম্পায়ারের দায়িত্ব। হাফিজের বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই। সে এখানে একটা ইস্যু তৈরি করতে চেয়েছে।
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে এর আগেও অন্তত চারবার হাফিজকে নিয়ে প্রশ্ন ওঠেছে। যার মধ্যে গত চার বছরেই তিনবার এমন ঘটনা ঘটে। এছাড়া অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাইদ আজমলের ক্যারিয়ারও শেষ হয়ে যায়।
ইত্তেফাক/কেআই
