শুরু হচ্ছে নারী উদ্যোক্তাদের শীতবস্ত্র মেলা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৭:৩৭
নারী উদ্যোক্তাদের নিয়ে শুরু হচ্ছে শীতবস্ত্র মেলা। উইমেনস এম্পাওয়ার্মেন্ট অর্গানাইজেশনের আয়োজনে এই মেলা রাজধানীতে ৯ নভেম্বর শুরু হবে। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
 
শীতের শুরুতেই ক্রেতাদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে এই শীতবস্ত্র  মেলার আয়োজন করা হয়েছে। মেলায় থাকবে বাহারি রকমের পোশাক,  সোনার এবং মুক্তোর গহনা, জুয়েলারি, জুতো ও ব্যাগ, মনিপুরী, জামদানী এবং তাঁতের শাড়ি, পিঠা ও যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও অনেক উদ্যোক্তা তাদের হাতের তৈরি সামগ্রী প্রদর্শন করবেন এই মেলায়।
 
মেলা উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও উইমেনস এন্টারপ্রেনার এসোসিয়েশনের প্রেসিডেন্ট নিলুফার করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা বিষয়ক কর্মকর্তা আয়শা নার্গিস। 
 
মেলার উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করবেন উইমেনস এম্পাওয়ার্মেন্ট অর্গানাইজেশনের সভাপতি নাজমা মাসুদ। এই মেলা নিয়ে তিনি বলেন, নারীর ক্ষমতায়নের এই উদ্যোগকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এক হয়েছি। 
 
ইত্তেফাক/জেডএইচ