রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভা শুরু

আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৭:৪৪
ড. কামাল হোসেনকে ছাড়াই রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে মাদ্রাসা মাঠে এ সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু। গণফোরাম সভাপতি কামাল হোসেন অসুস্থতার কারণে সভায় অংশ নিতে পারেননি বলে জানানো হয়েছে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে। 
 
সাত দফা দাবি নিয়ে রাজশাহীতে এটি ঐক্যফ্রন্টের চতুর্থ জনসভা। এই জনসভায় অংশ নিতে জুমার নামাজের পর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। এর আগে সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় জনসভা করেছে ঐক্যফ্রন্ট। সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি রয়েছে সাত দফার মধ্যে। 
 
সভামঞ্চে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মওদুদ আহমদ। আরো আছেন, জেএসডির সভাপতি আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সদস্য সুলতান মো. মনসুর আহমেদসহ আরো অনেকে। 
 
সাত দফা দাবি নিয়ে গত ১ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্ট। 
 
ইত্তেফাক/জেডএইচ