পাবনার নগড়বাড়ি মহাসড়কের চরগোবিন্দপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। নিহত তাকসিমা আক্তার শিলা (৩৫) বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩টার দিকে নগরবাড়ি-পাবনা মহাড়কের চরগোবিন্দপুর বাজার সংলগ্ন গতিরোধকে পিছন থেকে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এ ঘটনায় মাইক্রোবাসের সামনে থাকা যাত্রী তাকসিমা আক্তার শিলা গুরুতর আহত হয়। আহত তাকসিমাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তাকসিমা বগুড়ায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন।
মাইক্রোবাসের অপর যাত্রীদের মধ্যে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় প্রথম শ্রেণির ছাত্র তুলনকে (৮) রাজশাহী হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান নিহত তাকসিমা আক্তার শিলার বড় বোন তাসমুন নাহার। তাসমুন নাহার আরও জানান তারা পাবনার সাঁথিয়ার জোড়গাছা দাড়ামুদা গ্রামে যাচ্ছিলেন।
প্রদক্ষদর্শী স্থানীয়রা জানায়, জেলার বাইরে থেকে আসা মাইক্রোবাসটি গতিরোধক বুঝতে না পেরে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ধীর গতিতে গতিরোধক পার হওয়া ট্রাকের পিছনে ধাক্কা মারে।
মাধপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল খালেক জানান, দ্রুতগতির মাইক্রোবাসটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। নিহতদের সংবাদ নিশ্চিত হতে আমি হাসপাতালে রওনা হয়েছি।
ইত্তেফাক/নূহু
