কুষ্টিয়ার ভেড়ামারায় পিকাপের ধাক্কায় রাজা (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (০৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কের ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া ভাঙ্গাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজা ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া এলাকার দেলবার হোসেনের ছেলে।
নিহত রাজার চাচা ও স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, রাজা মোটরসাইকেলযোগে সাতবাড়ী থেকে ভেড়ামারার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে উক্ত স্থানে পিছন থেকে একটি পিকাপ এসে তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে পিকাপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজার মৃত্যু হয়।
ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে নিহত রাজার লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। পিকাপ চালককে আটক করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
