শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা করেছে ‘স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ’। সভায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বিরাজমান সমস্যা ও ক্যাডার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব (কলেজ) ড. মোল্লা জালাল উদ্দিন, অতিরিক্ত সচিব (মাধ্যমিক) ও মন্ত্রী একান্ত সচিব নাজমুল হক খান উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংগঠনের যুগ্ম সম্পাদক বিপুল চন্দ্র সরকারের সঞ্চালনায় সংগঠনের আহ্বায়ক অধ্যাপক নাসির উদ্দিন, সদস্য সদস্য সচিব সৈয়দ জাফর আলী ছাড়াও ৭১ সদস্যের আহ্বয়ক কমিটি নেতারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে চেতনা ও বঙ্গবন্ধুর আর্দশের বিশ্বাসী হয়ে আপনারা এ সংগঠন করেছেন এজন্য ধন্যবাদ জানাই। এ সংগঠনকে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে।
তিনি বলেন, এ সংগঠন যেন কোনো ব্যক্তি বা বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থে ব্যবহার না হয় সেদিকে নজর রাখতে হবে।
সচিব সোহরাব হোসেন বলেন, এ সংসদ যেসব লক্ষ্য আদর্শ ঠিক করেছে তাকে সাধুবাদ জানাই। আপনারা দেশ ও জাতি প্রত্যাশা পূরণে কাজ করবেন এমনটি আমি প্রত্যাশা করি।
স্বাগত বক্তব্যে আহ্বায়ক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ২০১০ সালের শিক্ষানীতি বাস্তবায়নের আমরা সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।
সদস্য সচিব সৈয়দ জাফর আলী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়াই হবে আমাদের মূল লক্ষ্য। এছাড়া এ ক্যাডারের দক্ষতা, মান উন্নয়ন, পেশাগত বিভিন্ন সমস্যা দূরীকরণে এ সংগঠন কাজ করবে।
ইত্তেফাক/নূহু
