‘জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরো এক ধাপ এগিয়ে যাবে’

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৬:২৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরো এক ধাপ এগিয়ে যাবে।
 
আজ শনিবার সকালে রাজধানীর জিপিও’র কাছে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে তার স্মৃতির প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন সামরিক শাসকের বিরুদ্ধে রাজধানীর রাজপথে লড়াই করতে গিয়ে শহীদ নূর হোসেন নিহত হন। তার রক্তদানের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
 
সেতুমন্ত্রী কাদের বলেন, সামনে আগামী জাতীয় নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরো এক ধাপ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য আওয়ামী লীগের প্রয়াস অব্যাহত থাকবে।
 
তিনি বলেন, গণতন্ত্রের এ অভিযাত্রায় অনেক ঝুঁকি রয়েছে। তবুও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে যাত্রা শুরু করেছেন তা অব্যাহত রাখতে আওয়ামী লীগ যে কোন ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্রের পথ কখনো ফুল বিছানো ছিল না। অনেক সংগ্রাম, ত্যাগ, জেল-জুলুম ও আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে অর্জন করতে হয়েছে।
 
তিনি বলেন, গণতন্ত্রের এ সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের গণতন্ত্র দীর্ঘ পথ অতিক্রম করেছে। দেশে আইপিইউ ও সিপিএ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ দু’টি সম্মেলন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে দেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা ফুটে উঠেছে। এ প্রয়াস অব্যাহত থাকবে। বাসস
 
ইত্তেফাক/কেকে