আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ডেন্টাল কেয়ার বন্ধ

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৬:৩৩
আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা সদরে অবস্থিত ৪টি ডেন্টাল ক্লিনিক কাগজপত্র ঠিক করার আগ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় ডেন্টাল ক্লিনিকগুলোকে। শনিবার  দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূইয়া জানান, দীর্ঘদিন ধরে কাগজপত্র ঠিক না করে এবং অপরিস্কারভাবে বাজারের মিতালী ডেন্টাল কেয়ার, কাজী ডেন্টাল কেয়ার, পপুলার ডেন্টাল কেয়ার ও ঢাকা ডেন্টাল কেয়ার অবৈধভাবে চিকিৎসা দিয়ে আসছিল। এই অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া খানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
 
অভিযানে মিতালী ডেন্টাল কেয়ারকে ২০ হাজার, কাজী ডেন্টাল কেয়ারকে ২০ হাজার,  পপুলার ডেন্টাল কেয়ারকে ৫ হাজার এবং ঢাকা ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূইয়া ও এসআই শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু