ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৮:৩৩
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে হারটা বাংলাদেশের জন্য ছিল একটি বড় ধাক্কা। পাঁচ বছর পর দলটির কাছে টেস্ট হেরেছে তারা। সেই ব্যর্থতা ঘুচাতে রবিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ হার ঠেকাতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মাহমুদউল্লাহদের। এদিন বাংলাদেশ সময় সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। 
 
টেস্টে আগের ম্যাচগুলোর ধারাবাহিকতা ছিল সিলেট স্টেডিয়ামে। দুটি ইনিংসই ছিল ২০০ এর নীচে। শুধু এই ম্যাচ নয়, আগের ৮ ইনিংসেও বাংলাদেশ ২০০ ছূঁতে পারেনি। তাই আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে স্বাগতিকদের। 
 
ইমরুল কায়েস ও লিটন দাস মিলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ খেলেছেন। তবে প্রথম টেস্টে সেই দৃঢ়তা তারা দেখাতে পারেননি। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ইমরুলই কিছুটা লড়েছেন। তবে লিটন ব্যর্থ হয়েছেন। মুমিনুল, মাহমুদউল্লাহর মতো ব্যাটসম্যানরাও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই মুশফিকের উপর দায়িত্বটা ছিল সামনে এগু। কিন্তু তার দায়িত্ব ছিল টপ অর্ডারের সঙ্গে লোয়ার অর্ডারের সমন্বয় করার। কিন্তু সেই মুশফিকও ব্যর্থ। তবে দুই ইনিংসেই মোটামুটি ভালো খেলেছেন আরিফুল হক। তার স্কোর ৪১* ও ৩৮। তবে তরুণ ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত দুই ইনিংসেই ছিলেন ব্যর্থ। তার পরিবর্তে ঢাকা টেস্টে অভিষেক হতে পারে মোহাম্মদ মিঠুনের। 
 
জিম্বাবুয়ে জিতলেও তাদের রান তোলার গড় ছিল খুব কম। দুই ইনিংসে যা ছিল যথাক্রমে ২.৪০ ও ২.৭৫। হ্যামিল্টন মাসাকাদজা, পিটার মুর ও সিন উইলিয়ামসের একটি করে হাফসেঞ্চুরি আছে দুই ইনিংস মিলেন। যার মধ্যে উইলিয়ামসের ৮৮ রান ছিল ম্যাচে সর্বোচ্চ স্কোর। তাই ম্যাচ জিতলেও ব্যাটিং নিয়ে খুব স্বস্তিতে নেই জিম্বাবুয়ে। 
 
তবে ম্যাচ হালেও বোলিংয়ে বাংলাদেশের জন্য অর্জন হচ্ছে তাইজুলের বোলিং নৈপুণ্য। দুই ইনিংস মিলে তিনি নেন ১১ উইকেট। তাই তাইজুলকে ঘিরে প্রত্যাশা থাকবে সিলেটেও। এই ম্যাচে ফিরতে পারেন তরুণ মিডিয়াম পেসার ‍মুস্তাফিজুর রহমান।  সেক্ষেত্রে আবু জায়েদ রাহীর সঙ্গে নতুন বলে আক্রমণে আসতে পারেন তিনি। তবে সিলেট টেস্টে পারফরমেন্স বিবেচনায় রাহীর খেলা নিয়েও সন্দেহ আছে। 
 
এই ম্যাচে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। বছরের শুরুর দিকে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ হেরে এসেছে। এবার জিম্বাবুয়ের কাছে এই ম্যাচে হার এমনকি ড্র করলেও সিরিজ হেরে যাবে স্বাগতিকরা। 
 
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ইমরুল কায়েষ, লিটন দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম। 
 
জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্রেন্ডন টেলর, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেজিস চাকাবা, ব্রেন্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা। 
 
ইত্তেফাক/কেআই