দেড় যুগের প্রাপ্তিতে ‘সন্তুষ্ট নন’ মাহমুদউল্লাহ

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২১:০৪
টেস্ট ক্রিকেটে পা রাখার পর ১৮ বছর পার করেছে বাংলাদেশ। দেড় যুগ পূর্তির প্রাক্কালে টাইগাররা হেরেছে জিম্বাবুয়ের মতো দলের কাছে। শেষ ম্যাচ জিতে এখন সিরিজ বাঁচানোর আশায় রয়েছেন দলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ। সেই ম্যাচের আগের দিন দেড় যুগের টেস্ট ইতিহাসের মূল্যায়ন করলেন দলের অলরাউন্ডার। জানালেন, লঙ্গার ভার্সনে এ পর্যন্ত যা প্রাপ্তি হয়েছে, তাতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না তিনি। 
 
১৮ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ ১০৯ টেস্ট খেলেছে। যার মধ্যে জিতেছে মাত্র ১০টি ম্যাচ। এছাড়া ড্র হয়েছে ১৬টি খেলা। বাকি ম্যাচেই হেরেছে লাল-সবুজের দল। জয় বিবেচনায় বাংলাদেশের সাফল্যের পরিমাণ ১০ শতাংশের কম। সামগ্রিক পারফরমেন্স বিবেচনায় নিলেও এর পরিমাণটা ১৬/১৭ শতাংশের বেশি নয়। 
 
এ অবস্থায় দলের ১৮ বছরের টেস্ট ক্যারিয়ারের মূল্যায়ন করেন শনিবার মাহমুদউল্লাহ বলেন, ‘যদি ফলাফল হিসেবে করে দেখেন, তাহলে হয়তো ওতটা প্রাপ্ত বয়স্ক হয়নি। টেস্ট ক্রিকেটটা আপনাকে খেলতে থাকতে হবে, তারপর আপনি ফলাফলটা পাবেন। অন্য ফরম্যাটে আমরা যেভাবে ভাল খেলছি, রিদম ধরতে পেরেছি, টেস্টে হয়তো সেটা ধরতে পারছি না। কিছু ম্যাচে আমরা ভালো করেছি, কিছু ম্যাচে আবার বাজে পারফর্ম করেছি। এই জিনিসটা থেকে বের হওয়া দরকার, বের হতেই হবে। ধারাবাহিকতাটা বেশ গুরুত্বপূর্ণ, টেস্ট ক্রিকেটে। তিন বিভাগেই ডিসিপ্লিন হতে হবে আমাদের। টেস্ট ক্রিকেটে আপনাকে বড় জুটি গড়তেই হবে, ব্যাটিং কিংবা বোলিং। তাহলে আপনার ফলাফল পক্ষে আসবেই।’
 
ইত্তেফাক/কেআই