আওয়ামী লীগের ফরম তুললেন সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৩:২১
হবিগঞ্জ-৪ আসন থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। আজ রবিবার বেলা ১১টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
 
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন মনোনয়ন সংগ্রহ করার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আশা করছি, দলীয় মনোনয়ন পাব এবং বিজয়ী হব। আর বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে গত ১০ বছরে যে বিস্ময়কর অগ্রগতি ঘটিয়েছেন সেটাকে আরো এগিয়ে নিতে অবদান রাখতে চাই।
 
হবিগঞ্জ-৪ আসনে বর্তমানে সংসদ সদস্য আওয়ামী লীগের মাহবুব আলী। তার আগে এই আসন থেকে দীর্ঘ দিন সংসদে প্রতিনিধিত্ব করেন এনামুল হক মোস্তফা শহীদ। তিনি সমাজকল্যাণ মন্ত্রীও ছিলেন। বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার নির্বাচনে অংশ না নিলে এবং আওয়ামী লীগ ফের ক্ষমতায় গেলে ফরাসউদ্দিন অর্থমন্ত্রী হতে পারেন বলে অনেকে মনে করছেন।

ইত্তেফাক/এএম