আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন খালিদ

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৩:৫২
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। 
 
আজ রবিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে মনোনয়ন ফরমটি জমা দেন।
 
এসময় উপস্থিত দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল  আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ। এর আগে রবিবার সকালে খালিদ মাহমুদ চৌধুরী মনোনয়ন ফরম কিনেন।
 
খালিদ মাহমুদ দিনাজপুর-২ আসন থেকে পর পর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালে পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমানকে পরাজিত করেন। ২০১৪ সালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
IMG0
জানতে চাইলে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। আগামী নির্বাচনে জনগণ নৌকা মার্কাকে ভোট দিয়ে পুনরায় দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ