ঢাকা মহানগরীর গুলশান থানাধীন এলাকায় একটি সুপার শপে বিএসটিআই এর অনুমোদন বিহীন লোগো ব্যবহার করে পণ্য মজুদ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৮ লাখ টাকা অর্থদণ্ড করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
রাজধানী গুলশান-২ এলাকায় ফয়সাল টাওয়ারে অবস্থিত লেভ্যান্ডার সুপার শপের ম্যানেজার সৈয়দ সেলিম উদ্দিন আহমেদ (৬২) সহ আরও ৪ জনকে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃতে একটি টিম অভিযান পরিচালনা করে জরিমানা করে।
আজ বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৪ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলশান-২ এলাকায় ফয়সাল টাওয়ারে অবস্থিত এর লেভ্যান্ডার সুপার শপের ম্যানেজার সৈয়দ সেলিম উদ্দিন আহমেদ (৬২) সহ ৪ জনকে বিএসটিআই এর অনুমোদন বিহীন লোগো ব্যবহার করে পণ্য মজুদ, সংরক্ষণ ও বিক্রয় এবং মোড়কজাত নিবন্ধন সনদ বিহীন মোড়কজাত পণ্য বিক্রয়ের অভিযোগে শপটির ব্যবস্থাপক সৈয়দ সেলিম উদ্দিন আহমেদ (৬২) কে দুই লাখ, সুপারভাইজার মো. শরিফুল আলম তপনকে (৩৪) দুই লাখ, সুপারভাইজার মো. মাসুদুর রহমান দিদারকে (৪৩) দুই লাখ এবং সুপারভাইজার সুমা আক্তারকে (২৯) দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
