পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়। আর দেশবিরোধী শক্তি কোনোদিন যেনো এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকাতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যেনো কোনোদিন ব্যর্থ হতে না পারে এজন্য দেশবাসীসহ সবাইকে সজাগ থাকতে হবে।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী (সম্ভাব্য ২৬ ফেব্রুয়ারি) ঢাকা জেলা পশ্চিমাঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে মুক্তমঞ্চে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধী, রাজাকার-আলবদরদের পুনর্বাসন করেছে। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ক্ষমতায় এসে রাজাকারদের গাড়িতে পতাকা লাগিয়েছেন। রাজাকার, আলবদর, আল শামস আর খুনিরা যেনো আর কখনো ক্ষমতায় না আসতে পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এনামুল হক শামীম আরও বলেন, করোনা মহামারির সময়সহ সকল দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে থেকেছে। কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছে, মৃতের দাফন ও সৎকার করেছে, খাবার ও সুরক্ষা সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়ে এক মানবিক ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। ছাত্রলীগ দেশের প্রতিটি লড়াই সংগ্রামে পূর্বের ন্যায় এভাবেই এগিয়ে যাবে।
এসময় বক্তব্য রাখেন, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।
