‘স্টপ সাইনে’ না থামার অভিযোগে ৫৪ হাজার গাড়ি তুলে নিচ্ছে টেসলা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৭

প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার চালকবীহিন গাড়ি থামতে পারছে না ‘স্টপ সাইনে’। এমন অভিযোগের পর প্রতিষ্ঠানটির ৫৪ হাজার গাড়ি তুলে নেওয়া হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এলন মাস্ক এক টুইটে জানান, নিরাপত্তার কোনো কমতি নেই। তবে গাড়িগুলো না থেমে গতি কমিয়ে চলছিল। 

এনডিটিভি জানায়, উত্তর আমেরিকার ৪ রাস্তার মোড়গুলো পার হওয়ার আগে চালকদের গাড়িগুলো সম্পূর্ণ থামানোর নিয়ম রয়েছে। বলা হয়, সেখানে গাড়িগুলো না থামালে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

টেসলার রোলিং স্টপ ফিচারে বলা হয়েছে, যদি কোনো গাড়ির গতি ঘণ্টায় ৫ দশমিক ৬ মাইলের কম থাকে এবং মোড়ের কাছে যদি চলন্ত গাড়ি, পথচারী ও সাইক্লিস্ট না থাকে এবং এই ইন্টারসেকশনগুলোতে গাড়ি প্রবেশের সর্বোচ্চ গতিসীমা যদি ঘণ্টায় ৩০ মাইল বেঁধে দেওয়া থাকে তবে টেসলার গাড়িগুলো সম্পূর্ণ না থেমে ঘণ্টায় ৫ দশমিক ৬ মাইল গতিতে ওই রাস্তা অতিক্রম করতে পারবে।

টেসলার চালকবীহিন গাড়ি

তারপরও জানুয়ারিতে বিষয়টি নিয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করার পর গাড়িগুলো তুলে নেওয়ার সিদ্ধান্তে আসে টেসলা।  তুলে নেওয়ার তালিকায় আছে ২০১৬ থেকে ২০২২ এর বিভিন্ন মডেলের গাড়ি। 

টেসলা জানায়, এ সংক্রান্ত কোনো দুর্ঘটনার তথ্য তাদের কাছে এখনও আসেনি। এর আগে ডিসেম্বরে পেছনের ক্যামেরা ও বুট সংক্রান্ত ইস্যুতে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৭৫ হাজার গাড়ি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে টেসলা। 

গত আগস্টে টেসলার অটোপাইলট সিস্টেম নিয়ে তদন্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)। টেসলার স্বচালিত গাড়ির ১১টি দুর্ঘটনার সূত্র ধরে ওই তদন্ত শুরু হয়।

ইত্তেফাক/টিআর