২২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না মহুবরের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৪

২২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহুবর রহমানের (৪৮) ।

গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুর শহরের বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদিতমারী থানার পুলিশ। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম। 

ওসি জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ১৯৯৯ সালের ২৭ মে আফজাল হোসেন নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিন একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় মহুবর রহমানকে প্রধান ও তার বাবা মনসুর আলীকে হুকুমের আসামি করা হয়। এ ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যান মহুবর রহমান। এদিকে একই সালের ২ সেপ্টেম্বর বাবা ও ছেলেকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক।

এ মামলায় ২০০৩ সালে প্রধান আসামি মহুবর রহমান ও তার বাবাকে যাবজ্জীবন সাজা দেন আদালত। মনসুর আলীকে কারাগারে পাঠানো হয়। তিনি ১৪ বছর সাজা ভোগ করলে সরকার তার বাকি সাজা মওকুফ করে। মহুবর রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ঘটনার দিন থেকে মহুবর রহমান দিনমজুরের কাজ করে আত্মগোপনে থাকেন। যে কারণে দীর্ঘদিন পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি ।

৬ মাস আগে তার গ্রেফতারি পরোয়ানা পেয়ে উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন তাকে গ্রেফতারে অনুসন্ধান চালান। সোর্স নিয়োগ করে তিনি মহুবর রহমানের অবস্থান জানতে পারেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুরের পুলিশের সহায়তা নিয়ে তিনি মহুবর রহমানকে গ্রেফতার করেন।

 

ইত্তেফাক/ইউবি