ডিজিটাল গ্রন্থাগারের অঙ্গীকার নিয়ে উদযাপন হবে গ্রন্থাগার দিবস

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৫

জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে শনিবার পঞ্চমবারের মতো দেশব্যাপী পালিত হবে জাতীয় গ্রন্থাগার দিবস। এবারের প্রতিপাদ্য ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগের গ্রন্থাগার অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। 

এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আবুবকর সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংস্কৃতি সচিব জানান, খুব দ্রুতই মানুষকে বই পাঠে আগ্রহী করে তুলতে সমসাময়িক প্রযুক্তিগত ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে। সংস্কৃতি সচিব বলেন, দেশজুড়েই লাইব্রেরি অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল মাধ্যমে বই পড়ার উপযোগী ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি জনবল বৃদ্ধি করা হচ্ছে। এর পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমেও সারাদেশে বই পড়া কর্মসূচি চলমান রয়েছে।

এ সময় সংস্কৃতি সচিব আরও জানান, প্রয়োজনের তুলনায় বই তুলনামূলক কম সরবরাহ এবং খুব কম টাকার বইকেনা হলেও অচিরেই তা বৃদ্ধি করা হবে। তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদফতর, জাতীয় গ্রন্থকেন্দ্র ও জাতীয় আর্কাইভ এ তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ কোটি টাকার বই কেনা হয়। পাঁচ কোটি টাকার বই বিভিন্ন লাইব্রেরিতে বণ্টন করা হয়। একে অপ্রতুল বলে স্বীকার করে খুব দ্রুতই বই কেনার বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানান সচিব।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করায় জাতীয় গ্রন্থাগার দিবসের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় গ্রন্থাগার দিবসের তাৎপর্য ও গুরুত্বের ওপর বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, জাতীয় গ্রন্থাগার দিবসের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। 

মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। এ সময় গ্রন্থাগার অধিদফতর ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইত্তেফাক/এএএম