আটকে আছে আমেরিকায় পাক রাষ্ট্রদূতের নিয়োগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:১০

মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে মাসুদ খানের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। কূটনৈতিক সাক্ষাৎকারের জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সাধারণত ৪ থেকে ৬ সপ্তাহ সময় নেন। কিন্তু মাসুদ খানের ক্ষেত্রে তা তিন মাস ধরে আটকে আছে।

ভারতীয় গণমাধ্যম উইঅনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসম্যান ও আইনপ্রণেতা স্কট পেরি গত ২৭ জানুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা একটি চিঠিতে মাসুদ খানকে জিহাদী ও জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল উল্লেখ করে তার সাক্ষাতের আবেদন বাতিলের অনুরোধ জানান।

চিঠিতে তিনি লেখেন, ইমরান খানের মনোনীত মাসুদ খান জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল। তার নিয়োগকে বুদ্ধিহীনতার পরিচয় উল্লেখ করে তিনি এই বিষয়কে ভারতের জন্য আঞ্চলিক হুমকির কারণ হিসেবে চিহ্নিত করেছেন। এটা শুধু আমেরিকার শান্তি বিঘ্নিত করবে না, বরং এই অঞ্চলের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই তার নিয়োগ সম্পর্কিত সব প্রক্রিয়া বাতিল করার অনুরোধ জানান তিনি।

এদিকে এ বিষয়ে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন ভারতের উপর অন্যায়ভাবে দোষ চাপাতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। বিদেশে অন্য কারোর রাষ্ট্রদূত নিয়োগে দেরি নিয়ে তৃতীয় কোনো দেশকে দোষারোপ করার মধ্যে কোনো যুক্তি নেই।

 

ইত্তেফাক/জেডএইচডি