ছাদ ভেঙে পড়ে প্রাণ গেল ৬ শ্রমিকের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৫

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে অন্তত ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে ভারতের পুণের ইয়ারবদা শাস্ত্রীনগরে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা ঘুমোচ্ছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহয়তায় চলেছে উদ্ধার কাজ। নিহত প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানিয়েছে প্রশাসন।

পুলিশ জানায়, একটি শপিং মল তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে নির্মাণাধীন ভবনের একতলায় ঘটে এ দুর্ঘটনা। পুণের ডিসিপি রহিদাস পওয়ার জানান, প্রথমে ৫ জন নিহত ও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আরও একজন শ্রমিকের মৃত্যুর আসে।

পুণের ট্রাফিক পুলিশ কমিশনার রাহুল শ্রীরাম জানান, লোহা দিয়ে নির্মাণাধীন বাড়ির ঢালাইয়ের কাজের প্রস্তুতি হচ্ছিল। রাতে বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। সেখানে তখন ১০ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন। বিকট শব্দ শুনে স্থানীয়রা বেরিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালায়।

ইত্তেফাক/টিআর