বোদায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৪

পঞ্চগড়ের বোদায় আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ডাকাতির প্রস্তুতি সময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় আরও ৪ ডাকাত পালিয়ে যায়। 

আটকরা হলো-বগুড়ার শিবগঞ্জ থানার অনন্তপুর মোকামতলা এলাকার মো. মালেকের ছেলে মো. ফারুক (২১), গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সাপমারা ইউনিয়নের মো. হাফিজুর রহমানের ছেলে মো. সোহেল (২০)। পলাতক ডাকাতরা হলো-মো. সাইফুল ইসলাম (৪৫), মো. ফিরোজুল ইসলাম (৩৫), পুটু ও মো. বায়েজিত।

জানা যায়, বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করা হয়। এ সময় ৪ ডাকাত সদস্য পালিয়ে যায়। ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ফেলে পালিয়ে যায় তারা। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

ইত্তেফাক/এএএম