ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়েছেন বাংলা চলচ্চিত্রের নায়ক রুবেল।
শিক্ষার্থীদের আত্মরক্ষা, মনোবল বৃদ্ধি ও শরীর গঠনে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করে জাককানইবি। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে জাককানইবি'র থিয়েটার অ্যান্ড পারফরম্যেন্স স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেন রুবেল।
স্টুডিও থিয়েটার হলে আয়োজিত মার্শাল আর্ট কর্মশালায় তিনি শিক্ষার্থীদের নানাবিধ কলাকৌশল হাতে কলমে প্রশিক্ষণ দেন। কর্মশালার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. তপন কুমার সরকার। সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান আল্ জাবির। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মশালা শেষে রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুবেল। এসময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নতিতে শরীরচর্চা, মার্শাল আর্ট উপযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নজরুল বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ায় চিত্রনায়ক রুবেলকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান উপাচার্য।
