রাবির আবাসিক হল থেকে পুলিশ প্রত্যাহার 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব আবাসিক হল থেকে সাময়িকভাবে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসের যে পয়েন্টগুলো দিয়ে বহিরাগতদের প্রবেশের সুযোগ রয়েছে। বিশেষ করে চারুকলার গেট, স্টেশন বাজার গেট ও বধ্যভূমি গেটে অস্থায়ী পুলিশ বক্সের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে রাবির আবাসিক হলে ডাইনিংয়ের খাবারের মান বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অনুষ্ঠিত প্রভোস্ট কাউন্সিলের সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।  সভায় ১৭টি আবাসিক হলের প্রভোস্ট ছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান উল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক ও ছাত্রউপদেষ্টা অধ্যাপক তারেক নূর উপস্থিত ছিলেন।

আবাসিক শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার বিকেলে আবাসিক হলগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্যবহৃত জিনিসপত্রসহ চলে যেতে দেখা যায়। পরবর্তীতে রাতে হলগুলোর গেটে আর পুলিশ সদস্যদের দেখা যায়নি। গত মাসের শুরুতে ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের অবাধপ্রবেশ ও মাদক গ্রহণকালে আটকের ঘটনাও ঘটে। ফলে বিশেষ প্রয়োজন ছাড়া বহিরাগতের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভা শেষে প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. রওশন জাহিদ বলেন, সভায় প্রতিটি হলের ডাইনিংয়ে নির্দিষ্ট মেন্যু কার্ড রাখার সিদ্ধান্ত হয়েছে, যাতে হল সুপারভাইজারের স্বাক্ষর থাকবে। এছাড়া প্রতিদিন হল সুপার, হাউস টিউটর বা প্রভোস্ট ডাইনিংয়ে গিয়ে খাবার খেয়ে দেখবেন। কোন হলের ডাইনিংয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী খান, আবার কোন হলের শিক্ষার্থীরা খেতে চান না। কী কারণে এটা হচ্ছে, তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বর্তমান বাজারমূল্য অনুযায়ী হলের মিল চার্জ বাড়ানো বা মূল্য না বাড়িয়ে খাবার মানের উন্নতি করা যায় কিনা, তা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। সভায় মাহমুদ হাবিব হিমেলের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া দ্রুত শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান উল ইসলাম বলেন, কোন হলে কী সমস্যা রয়েছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়মিত জানাতে হবে। প্রশাসন সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবে।

 

 

ইত্তেফাক/ইউবি