ভৈরব নদে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার হয়নি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৬

যশোরের অভয়নগরের ভৈরব নদে ডুবে যাওয়া সার বোঝাই কার্গো জাহাজ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এতে নদীর পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় এনভি শারিব বাঁধন নামক লাইটার জাহাজটি ৬৮০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে ডুবে যায়। প্রথমে কয়েকজন শ্রমিক উদ্ধার কাজে নিয়োজিত থাকলেও পরে তাদের আর দেখা যায়নি।

ডুবে যাওয়া লাইটার জাহাজের মাস্টার সজিব হোসেন জানান, চট্টগ্রাম বন্দর থেকে গত ২১ জানুয়ারি ৬৮০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই করে ২৫ জানুয়ারি ভোররাতে নওয়াপাড়ার ভাটপাড়ায় আসে লাইটারটি। নওয়াপাড়া ফেরিঘাটের সঞ্জয় ট্রেডিং সার আনলোড না করার কারণে ভাটপাড়ায় ৪ দিন অবস্থান করতে হয়। পরে সঞ্জয় ট্রেডিং অফিস থেকে বেঙ্গল মিল এলাকার ঘাটে আনতে বলা হয়। কিন্তু সেখানেও আনলোডের ব্যবস্থা ছিল না। পরে জাহাজটি পীরবাড়ি ঘাটে নিয়ে যাওয়া হয়। এ সময় জাহাজ হেলে পড়ে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ জাহাজের তলা ফেটে যায়। এরপর আস্তে আস্তে জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা ইউরিয়া সারের মূল্য প্রায় ১ কোটি ২ লাখ টাকা।

লোড আনলোডের কাজে নিয়োজিত মেসার্স সঞ্জয় ট্রেডিং-এর সত্ত্বাধিকারী সঞ্জয় কুমার জানান, বিআইডব্লিউটিএর সহযোগিতায় উদ্ধার কাজের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/এএএম