প্রথমবার একসঙ্গে হাবিব ওয়াহিদ-মহসীন মেহেদী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:০১

গীতিকবি মহসীন মেহেদী। ‘ভালোবাসি তোমার ঐ রোদ্দুর হাসি’সহ তার লেখনীতে উঠে এসেছে বহু জনপ্রিয় গান। লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও। এবার ‘এই পথ চাওয়া’ শিরোনামে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন মহসীন মেহেদী। সম্প্রতি এই গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

‘এই পথ চাওয়া’ গানের সুর ও সংগীতায়জন করেছেন হাবিব ওয়াহিদ। চলতি মাসে ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রকাশ হবে গানটি।

গীতিকবি মহসীন মেহেদী বলেন, ‘হাবিব ওয়াহিদ এবং আমার স্ত্রী ন্যানসির অসংখ্য ভালোবাসার গান রয়েছে। বলা চলে, তার সবকটিই জনপ্রিয়। অনেকের জন্য গান লেখা হলেও প্রচারবিমুখ বলেই হয়ত হাবিব ভাইয়ের সঙ্গে আমার একটিও গান নেই। একজন অনুরাগী হিসেবে কাকতালীয়ভাবে এ গানটি আমি লিখেছিলাম দু বছর আগে। হাবিব ভাই গানের লাইন শুনে বেশ প্রশংসাও করেছিলেন! এতদিন পর ভালোবাসার আমেজকে কেন্দ্র করে আমার কথায় সুর-সংগীত ও কণ্ঠ দিলেন হাবিব ওয়াহিদ নিজেই; এমনটা সত্যি ভাবিনি! সকলের নিকট শুভকামনা চাই। আমি, আমার মা, স্ত্রী-সন্তান, ভাই-বোন; আমাদের মত সমগ্র জাতিই এই ভালোবাসা দিবসে নতুন সংগীতায়োজনে ভালোবাসার বন্যায় ভেসে যাবার অপেক্ষায়।’

মহসীন মেহেদী, হাবিব ওয়াহিদ ও ন্যানসি। ছবি: সংগৃহীত

এদিকে ন্যানসি জানান, ‘হাবিব ওয়াহিদ এবং আমার অসংখ্য ভালোবাসার গান রয়েছে। আমার বড় মেয়েও হাবিব ওয়াহিদের আশীর্বাদপ্রাপ্ত। এবারে হলো ব্যতিক্রম আয়োজন। প্রথমবারের মত ভালোবাসার আমেজকে ধরে রেখে আমার স্বামী গীতিকবি মহসীন মেহেদীর কথায় সুর-সংগীত ও কণ্ঠ দিলেন হাবিব ওয়াহিদ নিজেই। গানটির নামকরণ করেছেন গীতিকবি নিজেই! অডিও আকারে গানটি প্রকাশিত হবে। আমাদের মত সমগ্র জাতি এই ভালোবাসা দিবসে ভালোবাসার বন্যায় ভেসে যাবার অপেক্ষায়।’

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক পাশ করেছেন মহসীন মেহেদী। লেখালেখির অভ্যাস কৈশোর থেকেই। ছড়া-কবিতার পাশাপাশি শখের বশে রেডিওতে চাকরি করা অবস্থায় লিখে বসলেন ‘ভালোবাসি তোমার ঐ রোদ্দুর হাসি’ শিরোনামে একটি গান। গানটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সেখান থেকে শুরু হলো গান নিয়ে পথচলা। তারপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখলেন ‘জয় বাংলার প্রেম’। রকস্টার শুভ ও ঐশীর কণ্ঠে গাওয়া গানটি সকল ধর্ম, ব্যবসা, পেশাজীবী মানুষের প্রাণের গান হয়ে উঠল।

তাছাড়া একে একে মহসীন মেহেদীর কথায় প্রকাশ পায় ন্যান্সি, মিজান, পান্থ কানাই, আসিফ আকবর, কলকাতার রূপঙ্করসহ আরও বহু শিল্পীর কন্ঠে। সর্বশেষ তার লেখা ‘নিকুচি করি আমি’ গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। এটি সর্বমহলে প্রসংশা কুড়িয়েছে। এবার হাবিব ওয়াহিদের কণ্ঠে ‘এই পথ চাওয়া’র অপেক্ষা।

ইত্তেফাক/বিএএফ