বাফটা মনোনয়নের শীর্ষে ‘ডিউন’ 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩০

আগামী ১৩ মার্চ লন্ডনের রয়েল আলবার্ট মিলনায়তনে সশরীরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বসতে যাচ্ছে ব্রিটেনের চলচ্চিত্রবিষয়ক সর্বোচ্চ পুরস্কারের আসর ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা)। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ৭৫তম এই আসরের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আয়োজক কতৃ‌র্পক্ষ। যেখানে সর্বাধিক ১১টি শাখায় মনোনীত হয়েছে ‘ডিউন’। কাছাকাছি তালিকায় রয়েছে আরো বেশ কয়েকটি সিনেমা।

এবারের মনোনয়ন তালিকায় সেরা চলচ্চিত্রসহ দ্বিতীয় সর্বাধিক ৮টি শাখায় মনোনীত হয়েছে নিউজিল্যান্ডের নারী পরিচালক জেন ক্যাম্পিয়নের সিনেমা ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। ব্রিটিশ অভিনেতা-নির্মাতা কেনেথ ব্রানার শৈশবের স্মৃতি অবলম্বনে সাদাকালো কমেডি ছবি ‘বেলফাস্ট’ পেয়েছে সেরা চলচ্চিত্রসহ ৬টি মনোনয়ন। এছাড়া ৫টি করে মনোনয়ন পেয়েছে জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’, ‘ওয়েস্ট সাইড স্টোরি’ ও ‘লিকোরিস পিত্জা’ সিনেমাগুলো। ‘ডোন্ট লুক আপ’, ‘আফটার লাভ’, ‘বয়লিং পয়েন্ট’, ‘সিরানো’, ‘কিং রিচার্ড’ ও ‘পাসিং’ সিনেমাগুলো ৪টি করে মনোনয়ন পেয়েছে। এছাড়া ৩টি করে শাখায় মনোনীত হয়েছে ‘কোডা’, ‘ড্রাইভ মাই কার’, ‘দ্য ফ্রেঞ্চ ডিসপাচ’, ‘হাউস অব গুচ্চি’ ও ‘নাইটমেয়ার অ্যালি’। এবারের আসরে সেরা পরিচালক বিভাগে মনোনীত ৬ জন। যার অর্ধেক নারী। তারা হলেন কান উত্সবে স্বর্ণ পামজয়ী জেন ক্যাম্পিয়ন, জুলিয়া দুকুরনো ও অদ্রে দিওয়ান। পুরুষ নির্মাতারা হলেন রিয়ুসুকে হামাগুচি, পল থমাস অ্যান্ডারসন ও আলিম খান। সেরা অভিনেত্রী শাখায় মনোনীত হয়েছেন লেডি গাগা। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী নরওয়ের রেনাটা রাইন্সভে। এছাড়া আমেরিকান ব্যান্ড হাইমের গায়িকা আলানা হাইম অভিষেকেই বাফটায় সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। এই তালিকায় আরো রয়েছেন অভিনেত্রী এমিলিয়া জোন্স, জোয়ানা স্কানলান ও টেসা থম্পসন। সেরা অভিনেতা শাখায় আমেরিকান তারকা উইল স্মিথ, ব্রিটিশ তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ, লিওনার্দো ডিক্যাপ্রিও, মাহেরশালা আলি, স্টিফেন গ্রাহাম ও আদিল আখতার মনোনয়ন পেয়েছেন।

এছাড়া ইংরেজির বাইরে অন্য ভাষার ছবির শাখায় মনোনীত হয়েছে জাপানের রিয়ুসুকে হামাগুচির ‘ড্রাইভ মাই কার’, ইতালির পাওলো সরেন্িতনো পরিচালিত ‘দ্য হ্যান্ড অব গড’, স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভারের ‘প্যারালাল মাদারস’, ফরাসি নারী নির্মাতা সেলিন সিয়ামার ‘লিটল মম’ ও ডেনিশ পরিচালক ওয়াকিম ট্রিয়ারের ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’।

ইত্তেফাক/কেকে