করোনায় চট্টগ্রামে ৫৭৪ জন আক্রান্ত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৯

চট্টগ্রামে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫৭৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ২০ দশমিক ১৩ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। সিভিল সার্জন কার্যালয়ের আজকের (৫ ফেব্রুয়ারি) রিপোর্টে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ২ হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন ৫৭৪ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের ৪৩৩ ও ১৪ উপজেলার ১৪১ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে ফটিকছড়িতে সর্বোচ্চ ২০, হাটহাজারীতে, মিরসরাইয়ে ১৩, রাউজান সাতকানিয়া ও বোয়ালখালীতে ১১ জন করে, রাঙ্গুনিয়ায় ১০ জন, সীতাকুণ্ড, চন্দনাইশ ও লোহাগাড়ায় ৯ জন করে, আনোয়ারা ও বাঁশখালীতে ৭, পটিয়ায় ৬ ও সন্দ্বীপে ২ জন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২২ হাজার ৬৮৫ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৮৯ হাজার ৩৭৮ ও গ্রামের ৩৩ হাজার ৩০৭ জন। করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যুর খবর পাওয়া যায়নি। মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৯ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৫ জন। 

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ৬৩৪ জনের নমুনা পরীক্ষা হয়। এখানে শহরের ১৫৭ ও গ্রামের ৪ জন পজিটিভ শনাক্ত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৯১ জনের নমুনা পরীক্ষা করলে শহরের ৩০ ও গ্রামের ৩২ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২০টি নমুনায় শহরের ৬ ও গ্রামের ১২টিতে ভাইরাসের অস্তিত্ব চিহ্নিত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০৪ নমুনার মধ্যে শহরের ৪০ ও গ্রামের ১৬টিতে জীবাণু থাকার প্রমাণ মিলে। 

ইত্তেফাক/কেকে