স্ত্রীর পরিচয়পত্রে প্রেমিকার সঙ্গে হোটেলবাস, এরপর... 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৭

স্ত্রীর পরিচয়পত্র ব্যবহার করে প্রেমিকাকে নিয়ে এক ব্যবসায়ী হোটেলে উঠেছিলেন। তবে অতিসতর্ক স্ত্রীর পাল্টা চালে ধরা পড়ে সেই ব্যক্তিকে জেলে যেতে হয়েছে। এই ঘটনা ভারতের। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গুজরাটের ৪১ বছর বয়সী ওই ব্যবসায়ী তার প্রেমিকাকে নিয়ে হোটেলে ঢোকার জন্য স্ত্রীর পরিচয়পত্র ব্যবহার করেন। কিন্তু তিনি জানতেন না স্ত্রী তার গাড়িতে লাগিয়ে রেখেছেন জিপিএস যন্ত্র। তার সাহায্যেই তিনি কোথায় আছেন তা জেনে যান স্ত্রী। তারই অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ওই ব্যক্তিকে মহারাষ্ট্রের পুনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

দেশটির পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর স্ত্রী গত বছর নভেম্বরে জানতে পারেন তার স্বামী কর্মসূত্রে বেঙ্গালুরুতে যাওয়ার কথা বলে পুনেতে যান। তখনই স্বামীর গাড়িতে জিপিএস লাগানোর সিদ্ধান্ত নেন ওই নারী। শুক্রবার সেই জিপিএস থেকেই স্বামী কোথায় আছেন তার খবর পান। 

পুলিশকে ওই নারী জানিয়েছেন, পুনের একটি হোটেলে তার স্বামী রয়েছেন জানতে পেরে তিনি হোটেলে ফোন করেন। হোটেলের কর্মীরাই তাকে জানান, ওই ব্যবসায়ী নিজের স্ত্রীর সঙ্গে হোটেলে উঠেছেন। এরপর ওই নারী হোটেলের সিসিটিভি ফুটেজ দেখতে চান এবং ফুটেজ দেখেই জানতে পারেন, তার স্বামী অন্য এক নারীর সঙ্গে হোটেলে উঠেছেন। তাতে তার পরিচয়পত্র ব্যবহার করেছেন।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ৪১৯ ধারায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে।   

ইত্তেফাক/এসআর