নির্যাতিত নারী-শিশু ও প্রতিবন্ধীদের আইনি সহায়তা সার্ভিস ডেস্ক চালু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০১

নেত্রকোনায় নারী-শিশুদের ওপর পারিবারিক সহিংসতা ও ইভটিজিং বন্ধে আইনি সহায়তা সার্ভিস ডেস্ক চালু করেছে নেত্রকোনা জেলা পুলিশ।

নারী-শিশুদের ওপর পারিবারিক সহিংসতা ও ইভটিজিং বন্ধের পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধীদের আইন সংক্রান্ত সুযোগ সুবিধা ও বিচার পেতে সহযোগিতাও এই ডেস্কে পাওয়া যাবে। নেত্রকোনা শহরের জয়নগর জেলা পুলিশ অফিসে স্থাপিত একটি পাকা একতলা ছোট অথচ সুন্দর বিল্ডিংয়ে এর কার্যক্রম শুরু হয়েছে। একজন মহিলা এস আইকে দেওয়া হয়েছে এই ডেস্কের দায়িত্ব।  

এই ডেস্কের দায়িত্বপ্রাপ্ত (অফিসার ইন চার্জ) সাব ইন্সপেক্টর রাজিয়া আক্তার বলেন, যে সমস্ত নারী শিশু পারিবারিক সহিংসতার শিকার হন বা বয়স্ক ব্যক্তি বা প্রতিবন্ধী বাড়িতে বা অন্য যেকোনো স্থানে সমস্যায় পড়েন বা নির্যাতিত হন, তখন এই ডেস্কে সরাসরি এসে তারা কারো কোনো সাহায্য ছাড়াই তাদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন। তখন অভিযোগের ধরন বুঝে আইনি ব্যবস্থা বা মামলার কথা বলা হয় এবং তাদেরকে সে সুযোগ করে দেওয়া হয়। তিনি আরও বলেন, যাদের মামলা করার সামর্থ্য থাকে না বা অর্থাভাবে মামলা করতে পারবে না, তাদেরকে জজ কোর্টের লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা নেবার জন্য প্যানেল আইনজীবীদের নিকট পাঠানো হয়। 

প্রতিষ্ঠার পর এ পর্যন্ত শতাধিক নারী শিশু এবং বয়স্ক ব্যক্তিকে এই ডেস্ক থেকে আইনি পরামর্শ বা মামলার সুযোগ করে দেওয়া হয়েছে বলে ও তিনি জানান। প্রায় প্রতিদিনই অভিযোগ নিয়ে কেউ না কেউ আসেন। তবে অভিযোগ বুঝে সমাধান দেওয়া হয়। সরকারি ছুটি ছাড়া প্রতিদিন এই ডেস্ক অফিস খোলা থাকে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বামী কর্তৃক নির্যাতিতা এবং একজন ধর্ষিতা মহিলা জানান, তারা এই ডেস্কের খবর পেয়ে এখানে আসেন এবং নির্যাতনের খবর জানালে এই নারী পুলিশ অফিসার তার অভিযোগ ভালো করে শুনেন এবং আইনি পরামর্শ দিয়ে  মামলা করতে সহায়তা করেন। এটা নারীদের জন্য খুব ভালো হয়েছে বলে ও এই মহিলা জানান।বিশেষ করে ধর্ষণের ঘটনা নারী পুলিশের  নিকট প্রকাশ করতে কোন সংকোচ হয় না বলেও তিনি জানান। 

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল বলেন, এই ডেস্ক মহিলাদের জন্য একটি মাইল ফলক। এই ডেস্ক স্থাপন করা হয়েছে যা নারী শিশু ও প্রতিবন্ধীদের বিচার পেতে সহায়তা করছে। নেত্রকোনা জেলায় এ ডেস্ক স্থাপন করে ভালো ফল পাওয়া যাচ্ছে বলে ও তিনি জানান।

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, নির্যাতিত নারী শিশু বা বয়স্ক এবং প্রতিবন্ধীরা যাতে তাদের উপর নির্যাতনের বিচার বা আইনি সহায়তা আরও দ্রুত পেতে পারে তার জন্যই এই ডেস্ক প্রতিষ্ঠা। এটি একটি নতুন ধরণের ব্যবস্থা। কোনো বিচার প্রার্থী এই ডেস্কে এসে তিনি সহজেই তার অভিযোগ জানাতে পারেন এবং আইনি সহায়তা নিতে পারছেন বলেও তিনি জানান। 

ইত্তেফাক/এমএএম