রায়পুরায় ৪০ বসতঘরে হামলা-ভাঙচুর

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৩

নরসিংদীর রায়পুরায় টিনের ঘর, বিল্ডিংসহ অন্তত ৪০টি বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। উপজেলার গৌরীপুর পাঠান বাড়ি এলাকায় শুক্রবার বিকালে ও শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকার পোস্টার ছিঁড়ে ফেলা নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তখন নৌকার প্রার্থী মো. হোসেন ভুইয়ার সমর্থক মোল্লাবাড়ি ও স্বতন্ত্র প্রার্থী সানাউল্লাহ ভুইয়ার সমর্থক পাঠানবাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। নির্বাচন পরবর্তী সময়ে বিজয়ী চেয়ারম্যান হোসেন ভুইয়া সমর্থক মোল্লাবাড়ি ও পরাজিত চেয়ারম্যান সানাউল্লাহ ভুইয়ার সমর্থক পাঠানবাড়ির লোকজনের মধ্যে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে শুক্রবার বিকেলে প্রথম দফায় ও শনিবার ভোরে দ্বিতীয় দফায় পাঠানবাড়ির লোকজনের অন্তত ৪০টি বসতঘর ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন।

ভাঙচুর করা করা ঘর।

এ ব্যাপারে রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে দুপক্ষের বসতঘর ভাঙচুরের ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা করে। এর পর থেকে দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।

ইত্তেফাক/ইউবি