বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে এক শোকবার্তায় তিনি বলেন, তার অকাল মৃত্যুতে দেশ ও জাতীর জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়েছে।
শোকবার্তায় তিনি আরও বলেন, পীর হাবিবুর ছিলেন একজন অনুকরণীয় কলামিস্ট ও সাংবাদিক। যিনি সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করতেন, তেমনি সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসাও করতেন। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার ক্ষেত্রে তার বলিষ্ঠ ভূমিকা ও ক্ষুরধার লেখার জন্য তিনি জাতির নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে দেশ, স্বাধীনতা ও উন্নয়নের স্বপক্ষের একজন পরীক্ষিত কলম সৈনিককে হারালো বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফিরাত কামনা করেন উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
