কে হবেন উত্তরসূরি, জানালেন রানি এলিজাবেথ 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৩

১৯৫২ সালে সিংহাসনে আরোহণের বার্ষিকীতে সরাসরি ঘোষণা দিয়ে ডাচেস অব কর্নওয়ালের ভবিষ্যৎ পদবি নিয়ে অমীমাংসিত প্রশ্নের সমাধান করলেন রানি। রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, তিনি চান ছেলে প্রিন্স চার্লস যখন রাজা হবেন, তখন ‘কুইন কনসর্ট’ হিসেবে পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা।

ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেওয়া বার্তায় রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, এটা তার ‘আন্তরিক ইচ্ছা’ যে ক্যামিলার এ পদবি থাকবে। ‘এটা আমার খুব আন্তরিক ইচ্ছা, যখন সময় আসবে, তখন ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে পরিচিত হবেন।’ 

রানি দ্বিতীয় এলিজাবেথ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এত দিন ধারণা করা হচ্ছিল, প্রিন্স চার্লস রাজা হলে কুইন নয়, প্রিন্সেস কনসর্ট হিসেবে পরিচিত হবেন ক্যামিলা। 

রানির এমন ঘোষণায় প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়াল ‘আপ্লুত ও সম্মানিত’ বোধ করছেন বলে জানিয়েছে রাজপ্রাসাদ ক্লারেন্স হাউসের এক মুখপাত্র। 

প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলার স্বয়ংক্রিয়ভাবে রানি হওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু জনমতে অনিশ্চয়তার কারণে এমন নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা।

ক্যামিলাকে বিয়ে করার আগে প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করেছিলেন চার্লস। ২০০৫ সালে বিয়ে করার আগে চার্লস ও ক্যামিলা দুজনেরই বিবাহবিচ্ছেদ হয়েছিল। 

কিন্তু প্যারিসে একটি গাড়ি দুর্ঘটনায় ডায়ানা মারা যাওয়ার এক বছর আগে ১৯৯৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। ক্যামিলার আগের স্বামী ছিলেন ব্রিটিশ সেনা কর্মকর্তা অ্যান্ড্রু পার্কার বোলস। ১৯৭৩ সালে তাদের বিয়ে হয় এবং ১৯৭৫ সালে বিবাহবিচ্ছেদ হয়।

ইত্তেফাক/এএইচপি