সাইবার হামলার শিকার হয়েছেন প্রভাবশালী আন্তর্জাতিক দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদকর্মীরা। এতে ঐ প্রতিষ্ঠানের কর্মীদের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদপত্রটির মূল প্রতিষ্ঠান ‘নিউজ কর্পোরেশন’ বলছে, এই ঘটনার হোতা সম্ভবত চীনের হ্যাকাররা।
মিডিয়া ব্যারন রুপার্ট মারডকের প্রকাশক সংস্থা ‘নিউজ কর্পোরেশন’ জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক পোস্ট ও ডাও জনস-এর সিস্টেমে হামলা চালিয়েছে হ্যাকাররা। এর ফলে সাংবাদিকদের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়েছে।
হামলার ঘটনা তদন্তে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ম্যানডিয়ান্ট’কে নিয়োগ দিয়েছিল ‘নিউজ কর্পোরেশন’। তদন্তকারীদের সন্দেহ, হ্যাকাররা ‘সম্ভবত গোয়েন্দা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং চীনের স্বার্থের জন্য লাভজনক তথ্য সংগ্রহের চেষ্টা করছিল’।
২০১৩ সালেও ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমস-এর সিস্টেমে হামলা চালিয়েছিল হ্যাকাররা। সেবারও অভিযোগের আঙুল ওঠে চীনের বিরুদ্ধে। এবারের ঘটনায় আবারও উঠে এসেছে কমিউনিস্ট দেশটির নাম। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বেইজিং।
ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, হ্যাকার হানার বিষয়টি অত্যন্ত উদ্বেগের। কিন্তু এই ঘটনার সঙ্গে চীন জড়িত নয়। এই ঘটনার নেপথ্যে চীনের হাত থাকার ধারণা একেবারেই অমূলক। বরং চীন বরাবরই এই সমস্ত সাইবার অপরাধের বিরোধিতা করে এসেছে।
