বাংলাদেশ-ইতালি সরাসরি জাহাজ চলাচল শুরু

* চট্টগ্রাম বন্দরে আসা জাহাজ পরিদর্শনে ইইউ, ইতালির রাষ্ট্রদূত ও বিজিএমইএ নেতৃবৃন্দ

* নতুন মাইলফলকে চট্টগ্রাম বন্দর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৮

বাংলাদেশ-ইতালি সমুদ্র রুটে সরাসরি কনটেইনার জাহাজ চলাচল শুরু হয়েছে। গত শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৪ জেটিতে ভিড়েছে এই রুটের প্রথম কন্টেইনারবাহী জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’। আজ সোমবার জাহাজটি পুনরায় ইতালির রাভিনা বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে।

চট্টগ্রাম-ইতালি রুটে সরাসরি জাহাজ চলাচল চালুর মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে নতুন মাইলফলক স্পর্শ করেছে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা ও বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। গতকাল রবিবার চট্টগ্রাম বন্দরে এমভি সোঙ্গা জাহাজ পরিদর্শনের সময় তারা এই অভিমত ব্যক্ত করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক ইত্তেফাককে বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইতালির রাষ্ট্রদূত এবং বিজিএমইএ নেতৃবৃন্দ ইতালি থেকে আসা জাহাজটি পরিদর্শন করেছেন। তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়েও মিলিত হয়েছেন। মতবিনিময়ে সকলেই চট্টগ্রাম-ইতালি রুটে সরাসরি কনটেইনারবাহী জাহাজ চলাচলের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন মাইলফলক। এই উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল।

বন্দর কর্মকর্তা মো. ওমর ফারুক আরো জানান, বাংলাদেশ থেকে জাহাজযোগে ইউরোপে পণ্য পাঠাতে সর্বোচ্চ ১৫ দিন সময় লাগবে আগে যেখানে প্রায় দেড় মাসের মতো লাগত। এছাড়া পরিবহন ব্যয়ও কমবে ৪৫ থেকে ৫০ শতাংশ। এতে বাংলাদেশের রপ্তানিকারকরা লাভবান হবেন। মো. ওমর ফারুক জানান, তৈরি পোশাক রফতানির গুরুত্ব বিবেচনায় বন্দর কর্তৃপক্ষ ইতালি-চট্টগ্রাম রুটের জাহাজকে বার্থিং, কি গ্যান্ট্রি ক্রেন বরাদ্দসহ সব সুযোগ-সুবিধা দিচ্ছে।

বিজিএমইএ নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট শিপিং এজেন্টের পক্ষ থেকে জানানো হয়, এত দিন চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা বা মালয়েশিয়ার বন্দরে প্রথম ধাপে ফিডার জাহাজে পোশাক রফতানির কনটেইনার পাঠানো হতো। সেখান থেকে বড় জাহাজে সেই কনটেইনারগুলো ইউরোপ আমেরিকার বায়ারদের কাছে যেত। চট্টগ্রাম থেকে ট্রান্সশিপমেন্ট পোর্টে পাঠানো এবং সেখান থেকে পুনরায় বায়ারের কাছে পণ্য পৌঁছাতে সময় লাগত অনেক বেশি এবং খরচও বেশি হতো। ট্রান্সশিপমেন্ট পদ্ধতিতে ইতালিতে পণ্য যেতে স্বাভাবিকভাবে সময় লাগে ২৪ থেকে ২৮ দিন। সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় বড় জাহাজে বুকিং পেতে দেরি হলে সময় লাগে ৩০ থেকে ৩৫ দিনের বেশি। ইতালি-চট্টগ্রাম রুটে সরাসরি কনটেইনার জাহাজ চলাচল নিরবচ্ছিন্ন রাখা গেলে পোশাক রফতানিতে বাংলাদেশ ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। কারণ এতে লিড টাইম ও ভাড়া সাশ্রয় হবে।

গত বছরের ২৩ ডিসেম্বর প্রথম পরীক্ষামূলকভাবে ইতালি থেকে চট্টগ্রামে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়। প্রথম যাত্রায় ইতালি থেকে শুধু খালি কনটেইনার আনা হয়েছিল। সোঙ্গা চিতা জাহাজটি চট্টগ্রামে এসেছে ৯৪৫ টিইইউস কনটেইনার নিয়ে। জাহাজটি আজ ইতালির রাভিনা বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে ৯৮৩ টিইইউস কনটেইনার নিয়ে। এসবের মধ্যে কিছু কনটেইনার ইতালির বন্দর থেকে সড়ক পথে জার্মানি যাবে।