বিরল প্রজাতির রাজহংসী পাখি উদ্ধার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪০

সাতক্ষীরা সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে বিরল প্রজাতির রাজহংসী পাখি উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) পাখিটি উদ্ধার করে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইয়ারব হোসেন, সকালে মোহনপুর গ্রামের নৌখালে পাখিটি উড়ে এসে পড়ে। পরে গ্রামের এক ছেলে পাখিটিকে ধরে ফেলে। পরে বিষয়টি সেভ ওয়াইল্ডলাইফের স্বেচ্ছাসেবকদের জানালে তারা দ্রুত এসে গ্রামবাসীদের কাছ থেকে পাখিটি উদ্ধার করে।

সেভ ওয়াইল্ড লাইফ টিমের সভাপতি ইমরান হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাখিটি উদ্ধার করা হয়েছে। পরে আমরা জানতে পারি এটি বিরল প্রজাতির রাজহংসী পাখি। পাখিটি উদ্ধারের পর বিজিবি থেকে আমাদের জানানো হয়েছে পাচারকারী চক্র সীমান্ত দিয়ে এটি ভারতে পাচার করছিল। একটি অভিযানে পাখিটি উদ্ধার করা হয় পরে সেটি তাদের ক্যাম্প থেকে উড়ে গেছে। একই প্রজাতির আরও একটি পাখি বিজিবির কাছে রয়েছে। পরে পাখিটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

তবে এ বিষয়ে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কয়েকদিন আগে সীমান্তে বিজিবির অভিযানে পাচারের সময় দুটি পাখি উদ্ধার করা হয়। ক্যাম্প থেকে একটি পাখি উড়ে চলে যায়। পাখি উদ্ধারের বিষয়টি জানার পর 
সেভ ওয়াইল্ড লাইফ টিমের সাথে যোগাযোগ করা হলে তারা পাখিটি আমাদের কাছে হস্তান্তর করেছে।

তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সঞ্জয় বিশ্বাস বলেন, উদ্ধারকৃত রাজহংসীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। রাজহংসী সুস্থ আছে বলে জানান তিনি।

এ বিষয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুলাহ সাদিক জানান, পাখিটি বাংলাদেশে প্রথম দেখা পাওয়া গেলো। এটির নাম রাজহংসী। পাখিটি সাইপ্রাস থেকে আসতে পারে। তবে পাখিটি সেখান থেকে বাংলাদেশে কীভাবে আসলো জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারবো।

ইত্তেফাক/এমএএম