ওভারটেক করতে গিয়ে বাস-মিনি ট্রাক সংঘর্ষ, নিহত ৩

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৭
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পিক-আপকে ওভারটেক করতে গিয়ে মিনি ট্রাকের সাথে সংঘর্ষে বাস চালক-হেলপার ও ট্রাক চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাফায়েত হোসেন।
 
রবিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন, দুর্ঘটনা কবলিত শ্যামলী বাসের চালক মাদারিপুরের কালকিনী উপজেলার বজজলু হক (৪০), হেলপার ঢাকার ধামরায়ের আলাল (৩৫) ও মিনি ট্রাক চালক মহেশখালী খালেদ (২৮)। 
 
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেনি মালুমঘাট হাইওয়ে পুলিশ।
 
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাফায়েত হোসেন জানান, রবিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি পিক-আপকে ওভারটেক করছিল। এসময় কক্সবাজারমুখী মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ ঘটনায় বাসের যাত্রী প্রায় ৩০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।
ইত্তেফাক/এসজেড