কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে উঠে উন্মত্ত আচরণের দায়ে আটক যুবক শাকিলকে (২৮) কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর রবিবার (৬ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে এক এএসআইসহ তিন পুলিশকে ক্লোজড করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, ধৃত যুবক মানষিক বিকারগ্রস্থ নাকি অভিনয়ের ছলে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে বিষয়টি পরিস্কারভাবে জানা যাবে। ধৃত যুবকের বাড়ি জয়পুরহাট জেলায়।
কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, ঘটনাটি এখন তদন্তাধীন। তদন্তের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী করণীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ৫ ফেব্রয়ারি দুপুর সাড়ে ৩টার দিকে শহরের জনাকীর্ণ এলাকা পাঁচ রাস্তা মোড়ে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল বেয়ে ওপরে উঠে ২৮ বছর বয়সি এক যুবক। ওপরে উঠে প্রথমে সে ম্যুরালের কাঁধে চেপে বসে। পরে ম্যুরালের মাথার ওপর দাঁড়িয়ে সে উন্মত্ত আচরণ করছিল। ১৫-২০ মিনিট যাবত ঐ যুবকের এমন উন্মত্ত আচরণ চলাকালে ঘটনাটি পথচারীসহ স্থানীয়দের দৃষ্টিগোচর হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে উত্সুক জনতার ভিড় সরিয়ে নানা কৌশল অবলম্বন করে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর পুলিশ ঐ যুবককে ম্যুরালের ২০ ফুট ওপর থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। এরপর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
