রাজশাহী মহানগর এলাকায় সব ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড লেখার জন্য সময় বেঁধে দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। আগামী ৭ দিনের মধ্যে সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) রাসিকের রাজস্ব বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠি দেয়া শুরু হয়েছে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাসিকের সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৭ বছর আগেই বাংলায় সাইনবোর্ড লেখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সে নির্দেশনা এত দিনেও বাস্তবায়িত হয়নি। এখন থেকে কোনো প্রতিষ্ঠান তার সাইনবোর্ড ইংরেজিতে লিখলেও পাশে বাংলায় লিখতে হবে। রাজস্ব বিভাগের কর্মীরা সোমবার একই ধরনের চিঠি নিয়ে রাস্তায় বের হবেন। রাস্তার পাশে ইংরেজিতে লেখা যেসব সাইনবোর্ড চোখে পড়বে, সে প্রতিষ্ঠানে গিয়ে চিঠিতে প্রতিষ্ঠানের নাম লিখে সংশ্লিষ্টদের দেওয়া হবে।
প্রধান রাজস্ব কর্মকর্তা আরও বলেন, ব্যবসায়ীদের ৭ দিন সময় দেওয়া হবে সাইনবোর্ডে বাংলা লেখার জন্য। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইংরেজি নামের বিষয়ে তিনি বলেন, স্থানীয় কিংবা বিদেশি প্রতিষ্ঠানগুলো সাইনবোর্ডে ইংরেজি রাখতে পারবে। তবে ইংরেজির পাশাপাশি বাংলায়ও লিখতে হবে।
